বিশ্ববাজারে জ্বালানি দামের ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত থেকেই এ উল্লম্ফনের সূত্রপাত। এর ফায়দা লুটছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে জ্বালানির চড়া দাম মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের তেল ও গ্যাস উৎপাদকদের অতিরিক্ত মুনাফার ওপর করারোপের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। একে উইন্ডফল কর বলা হয়। খবর রয়টার্স।

সরকারের ঘোষণা অনুযায়ী, জ্বালানি তেল ও গ্যাস উৎপাদকদের ওপর ২৫ শতাংশ উইন্ডফল কর ধার্য করা হবে। পাশাপাশি ঊর্ধ্বমুখী জ্বালানি বিল মেটাতে ব্রিটিশ পরিবারগুলোকে ১ হাজার ৫০০ কোটি পাউন্ড বা ১ হাজার ৮৯০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দেশটি।

ব্রিটিশ সরকারের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে জ্বালানি বিলে ৪০০ পাউন্ড ছাড় পাবে ব্রিটিশ পরিবারগুলো। স্বল্প আয়ের পরিবারগুলোয় এ ছাড়ের পরিমাণ আরো বেশি হবে। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, উইন্ডফল করারোপ করলে বিনিয়োগে নিরুৎসাহিত করা হয়। তবে যুক্তরাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত মুনাফা অর্জনকারী জ্বালানি তেল ও গ্যাস উৎপাদক প্রতিষ্ঠানের ওপর ২৫ শতাংশ কর ধার্য করা হবে। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো জ্বালানি বিলের ঊর্ধ্বমুখিতা ঠেকাতে জরুরি নীতিগত পদক্ষেপ নিল দেশটির সরকার।

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ক্রমে বেড়েই চলেছে। এর জন্য রাজনৈতিক চাপের মুখে পড়েছে বর্তমান সরকার। এ বিষয়ে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অথচ জ্বালানি প্রতিষ্ঠানগুলো মোটা অংকের মুনাফা করেই চলেছে। আমরা এর জন্য সাময়িকভাবে জ্বালানি উৎপাদকদের মুনাফার ওপর অতিরিক্ত কর আরোপ করব। মুনাফার অর্থ পুনরায় বিনিয়োগের জন্য প্রণোদনা দেবে সরকার। কোনো প্রতিষ্ঠান যত বেশি বিনিয়োগ করবে, সে প্রতিষ্ঠানের তত কম কর দিতে হবে। তবে কোম্পানিগুলোর ওপর কর ধার্য করাকে উইন্ডফল কর বলে উল্লেখ করেননি রিশি সুনাক। তিনি বলেন, এর ফলে এক বছরে ৫০০ কোটি পাউন্ড বা ৬৩০ কোটি ডলার সমপরিমাণ তহবিল সংগ্রহ করা হবে। পরিস্থিতি আবারো স্বাভাবিক হতেই চড়া করের এ নিয়ম রদ করা হবে।

এদিকে সম্প্রতি যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক জানান, বৈশ্বিকভাবে জ্বালানির মূল্য ঊর্ধ্বমুখী থাকায় চলতি বছরের অক্টোবরে জ্বালানির দাম আরো ৪০ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানির চড়া মূল্য ঠেকাতে ১০ হাজার কোটি ইউরোর বেশি বরাদ্দ করছে ইউরোপের অন্যান্য দেশের সরকারও।

দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর জন্য জ্বালানি মূল্যে ৪০০ পাউন্ড ছাড় পাবে ব্রিটিশ পরিবারগুলো। এছাড়া ৮০ লাখেরও বেশি দরিদ্র পরিবারের জন্য ৬৫০ পাউন্ড আর্থিক সহযোগিতা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত ও প্রতিবন্ধীদের জন্য আর্থিক সহায়তাও এ প্যাকেজের অন্তর্ভুক্ত।

উইন্ডফল কর আরোপের দাবি আরো আগে থেকেই করে আসছিল যুক্তরাজ্যের লেবার পার্টি। বর্তমান সরকারের নতুন ঘোষণা মূলত মানুষের কল্যাণের জন্য নয়, বরং রাজনৈতিক চাপের ফসল বলে জানিয়েছে লেবার পার্টি। এ বিষয়ে লেবার পার্টির আর্থিক নীতি প্রধান কর্মকর্তা রাচেল রিভস জানান, লেবার পার্টি উইন্ডফল করের দাবি তুলেছে, কারণ এটাই সঠিক। কনজারভেটিভরা এটি করছে, কারণ তাদের শিরোনামে স্থান পাওয়া দরকার। চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার ৯ শতাংশে পৌঁছেছে, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ।