দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করতে চায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম খাদ্য ও পানীয় প্রস্তুতকারক কোম্পানি থাই বেভারেজ (থাইবেভ)। সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৭০০ কোটি বাথের পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি অক্টোবরে শুরু হওয়া নতুন অর্থবছরে বিভিন্ন খাতের উন্নয়নে ব্যয় করা হবে বরাদ্দকৃত অর্থ। খবর ব্যাংকক পোস্ট।

থাই বেভারেজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা থাপানা সিরিভাধানভকদি জানান, ৪০০ কোটি বাথ বরাদ্দ করা হয়েছে কম্বোডিয়ায় কারখানা স্থাপনের জন্য। সেখানে লজিস্টিকস সুবিধা, বায়োগ্যাস কারখানা ও অন্যান্য কৌশলগত উদ্যোগের জন্য ব্যয় হবে ৩০০ কোটি বাথ। তার ভাষায়, ‘‌পর্যটন, খাদ্য ও পানীয় শিল্পে আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই ব্যবসাকে। বর্ধমান প্রতিযোগিতার মধ্যে বাড়াতে চাই নিজেদের কার্যক্ষমতা।’ 

থাই বেভারেজ তিনটি দিকে প্রাধান্য দিচ্ছে বর্তমান মুহূর্তে। সেগুলো হলো সম্প্রসারণ, টেকসই কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধি। সম্প্রসারণ বলতে বাজারে নিজেদের উপস্থিতিকে আরো বৈচিত্র্যপূর্ণ হিসেবে প্রমাণ করা। ভোক্তাদের চাহিদার অনুপাতে পণ্যের প্রসার ঘটানো। 

কোম্পানির বিয়ার প্রস্তুতকারক বিভাগের প্রধান মাইকেল চিয়ে হিন ফাহ জানান, থাই বেভারেজ কম্বোডিয়ায় প্রথমবারের মতো বিয়ার উৎপাদন শুরু করতে যাচ্ছে। দুই বছরের মধ্যে কার্যক্রম শেষ হবে। উৎপাদন সক্ষমতা হবে বছরে পাঁচ কোটি হেক্টোলিটার। কারখানার মাধ্যমে কম্বোডিয়ার বাজারে থাইবেভের সক্ষমতা আরো বাড়বে বলে মনে করেন ফাহ।

নতুন অর্থবছরে থাই বেভারেজ নতুন করে ৫০-৬০টি রেস্তোরাঁ খোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ৪৩টি নতুন রেস্তোরাঁ খুলেছে।