ইউক্রেনের বিধ্বস্ত শহর মারিওপোলে অবস্থিত স্টিল প্লান্টে বোমাবর্ষণের কারণে ১ হাজার ৭০০ কোটি থেকে ২ হাজার কোটি ডলারের লোকসানে পড়েছেন প্রতিষ্ঠানটির মালিক। এত বড় ক্ষতির মুখে ফেলায় রাশিয়ার বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি রিনাত আখমেতভ। খবর রয়টার্স।

রাশিয়ার চালানো বোমা হামলা ও গোলাবর্ষণে আজভস্টাল স্টিলওয়ার্কস বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়েছে। কারণ বিস্তৃত এ কারখানা দক্ষিণের বন্দরনগরীর জন্য শেষ প্রতিরক্ষা ঘাঁটি হয়ে উঠেছিল। মারিওপোলে রাশিয়ার চালানো গোলাবর্ষণে ইউক্রেনের ধনী রিনাত আখমেতভের মালিকানাধীন ইলিচ স্টিল এবং আয়রন ওয়ার্কসও খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সাক্ষাত্কারে আখমেতভ বলেন, সব ধরনের ক্ষতি এবং বাণিজ্য নষ্ট হওয়ায় আমরা অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে মামলা করব এবং পরিপূর্ণ ক্ষতিপূরণ দাবি করব।

তার মালিকানায় থাকা আরেকটি ইউক্রেনীয় স্টিল তৈরির কারখানা মেটিনভেস্ট। এটি দেশটির সবচেয়ে বড় স্টিল তৈরির কারখানা। আজভস্টাল ও ইলিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় কী পরিমাণ অর্থ মেটিনভেস্ট খুইয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের কারণে যে ক্ষতি হয়েছে তার প্রতিস্থাপন খরচ ১ হাজার ৭০০ থেকে ২ হাজার কোটি ডলার হবে। তবে রাশিয়ার বিরুদ্ধে মামলা করার সময় চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করা হবে।

যদিও এর আগে আট বছরের যুদ্ধ শেষে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বের কিছু অঞ্চল দখল করে নেয়ার কারণে সেখানে বাণিজ্য সাম্রাজ্য ভেঙে পড়তে দেখেছেন আখমেতভ। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন চালানোর পর মেটিনভেস্ট জানায়, তারা তাদের চুক্তি করা সরবরাহও সম্পন্ন করতে পারছে না।