যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের বাজার গত বছরের ডিসেম্বরে শক্তিশালী ছিল। যদিও অর্থনীতি ক্রমবর্ধমান দাম ও সুদহারের সঙ্গে লড়াই করছে। নিয়োগকর্তারা গত মাসে ২ লাখ ২৩ হাজার কর্মী যুক্ত করেছেন। এতে দেশটিতে বেকারত্ব ৩ দশমিক ৫ শতাংশে নেমেছে। নভেম্বরে এ হার ৩ দশমিক ৬ শতাংশে ছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন শ্রমবাজারে স্থিতিস্থাপকতা আশা জানিয়েছে যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি চলতি বছর একটি তীব্র মন্দা থেকে রক্ষা পাবে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে ধীর করতে এবং দামের চাপ কমাতে আগ্রাসীভাবে সুদের হার বাড়িয়ে যাচ্ছে। উচ্চ সুদহারের প্রভাব এবং দুর্বল ভোক্তা ব্যয় প্রতিষ্ঠানগুলোকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিচ্ছে। তার পরও দেশটির শ্রমবাজারের পরিস্থিতি শক্তিশালী রয়ে গেছে।
ইউএস লেবার ডিপার্টমেন্টের তথ্যে দেখা গেছে, গত মাসে অর্থনীতির প্রায় প্রতিটি খাতে নতুন কর্মসংস্থান হয়েছে।
কর্মী নেয়ার বিজ্ঞাপন ট্র্যাক করা প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু চ্যালেঞ্জার বলেন, গত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মী অব্যাহতি দেয়ার ঘটনা বেশি। এজন্য গত বছর শ্রমবাজারের পরিসংখ্যান ঐতিহাসিক নিম্ন স্তরের কাছাকাছি ছিল।










