ইন্দোনেশিয়ার স্টার্টআপ প্রতিষ্ঠান উলা কয়েক মাসের জন্য কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ সিদ্ধান্ত জানাল প্রতিষ্ঠানটি। তবে ঠিক কবে নাগাদ কার্যক্রম পুনরায় শুরু হবে তা স্পষ্ট করে বলা হয়নি। খবর নিক্কেই এশিয়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্যক্রমে ফিরতে তারা কিছু উপায় খোঁজার মধ্যে রয়েছে। তাদের মধ্যে একটি হতে পারে সাপ্লাই চেইনে অর্থায়ন। এর আগে প্রতিষ্ঠানটি ব্যবসার কাঠামো পরিবর্তন ও বিশালসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি মনে করছে, দীর্ঘমেয়াদে কার্যকর থাকতে হলে তাদের নতুন করে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা কয়েক মাসে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। উলার একজন মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি দাঁড় করাতে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন আমরা তা পাইনি। যদিও আমাদের কেউ কেউ সর্বোচ্চ বিনিয়োগ করেছেন। কোম্পানিকে নতুন করে দাঁড় করাতে হলে গ্রাহক আকর্ষণের জন্য ব্যয় করতে হবে।
উলার বর্তমান পরিস্থিতি গত বছরেরই ধারাবাহিকতা। প্রতিষ্ঠানটি ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটি ক্ষতির শিকার হয়। গত বছরের নভেম্বর প্রতিষ্ঠানটি ১৩৪ জন কর্মী ছাঁটাই করে, যা কোম্পানির মোট কর্মীর ২৩ শতাংশ।
উলা প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিপুণ মেহরা। অ্যামাজন, ফ্লিপকার্ট ও পাইন ল্যাবস মিলিয়ে প্রযুক্তি শিল্পে তার দুই দশকের অভিজ্ঞতা। তা সত্ত্বেও সুবিধা করে উঠতে পারছে না উলা।










