সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আগের হিসাব বছরের তুলনায় ৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে এফএমসিজি খাতের বহুজাতিক প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা দুটোই বেড়েছে। এর মধ্যে আয় বেড়েছে ১৫ শতাংশ। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১৪ শতাংশের বেশি।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা দেখা যায়, ২০২২ হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ হাজার  ১৩০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ। টাকার অংকে যা ১৭২ কোটি ৫৬ লাখ। অন্যদিকে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ৫৯৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে এ খাতে ব্যয় ছিল ৪৬৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ১৩১ কোটি টাকা বা ২৮ দশমিক ১৩ শতাংশ।

এ বছর কর-বাবদ ব্যয় কমেছে ম্যারিকো বাংলাদেশের। যে কারণে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য বাড়লেও ভালো মুনাফা করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল প্রায় ৩১১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫১ টাকা ৯৫ পয়সা।

এদিকে সর্বশেষ অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২২-২৩ হিসাব বছরের জন্য অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ম্যারিকো বাংলাদেশ। এ হিসাব বছরের জন্য কোম্পানিটি মোট ৪৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৩ জুন।