ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে নভেম্বরে। মাসটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদন প্রবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বে মোট ১৭১ কোটি ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে।

পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া-ওশেনিয়া। নভেম্বরে অঞ্চলটি ১০ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম ১০ মাসে অঞ্চলটির মোট উৎপাদন ১২৭ কোটি ১৪ লাখ টনে উন্নীত হয়েছে।

অন্যদিকে গত নভেম্বরে আফ্রিকার দেশগুলোয় উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। গত বছরের তুলনায় অঞ্চলটিতে গত মাসে উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অঞ্চল হিসেবে গত মাসে এটিই সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। নভেম্বরে ১৮ লাখ টনসহ চলতি বছরের প্রথম ১১ মাসে মোট ২ কোটি ১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।

তবে মাসভিত্তিক হিসেবে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে এশিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। অঞ্চলটির ২৭টি দেশে নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ছয় লাখ টন। মাসিক উৎপাদন প্রবৃদ্ধি এসেছে ৩ দশমিক ২ শতাংশ।

পরিমাণগত দিক থেকে গত মাসে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উৎপাদক ছিল উত্তর আমেরিকা। নভেম্বরে অঞ্চলটিতে ২০২২ সালের একই মাসের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লাখ টনে। তবে প্রথম ১১ মাসে ২০২২ সালের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ২ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকার উৎপাদন দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ টনে।

এছাড়া নভেম্বরে ইউরোপ ও অন্যান্য দেশ মিলে ২২ দশমিক ২ শতাংশ, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চলে ১৪ দশমিক ৮ ও মধ্যপ্রাচ্যে ৪ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি এসেছে। তবে কমেছে দক্ষিণ আমেরিকার উৎপাদন। গত বছরের নভেম্বরের তুলনায় গত মাসে অঞ্চলটির উৎপাদন কমেছে দশমিক ৬ শতাংশ।

ওয়ার্ল্ড স্টিলের তথ্যমতে, পরিমাণগত দিক দিয়ে চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী ও ব্যবহারকারী। ২০২২ সালের নভেম্বরের তুলনায় গত মাসে একক দেশ হিসেবে সর্বোচ্চ ৭ কোটি ৬১ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে দেশটি। আর চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটি ৯৫ কোটি ২১ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে। বার্ষিক উৎপান প্রবৃদ্ধি এসেছে ১ দশমিক ৫ শতাংশে।

অন্যদিকে ভারতে গত বছরের প্রথম ১১ মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বিশ্বের সর্বোচ্চ ১২ দশমিক ১ শতাংশ উৎপাদন প্রবৃদ্ধি এসেছে। এ সময় দক্ষিণ এশিয়ার এ দেশ মোট ১২ কোটি ৮২ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। পাশাপাশি মাসিক হিসেবে ২০২২ সালের নভেম্বরের তুলনায় গত মাসে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে দেশটির উৎপাদন দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ টনে।

ওয়ার্ল্ড স্টিলের তথ্য বলছে, পরিমাণগত দিক থেকে গত মাসে বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদক ছিল জাপান। যদিও ২০২২ সালের নভেম্বরের তুলনায় দেশটির উৎপাদন দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ লাখ টনে। পাশাপাশি ২০২২ সালের জানুয়ারি-নভেম্বর সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশটির উৎপাদন ২ দশমিক ৮ শতাংশ কমে নেমেছে আট কোটি টনে।

এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্র ৬৬ লাখ টন, রাশিয়া ৬৪ লাখ, দক্ষিণ কোরিয়া ৬৪ লাখ, তুরস্ক ৩০ লাখ, ইরান ৩০ লাখ এবং ব্রাজিল ও জার্মানি ২৭ লাখ টন করে অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে।