আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে যাচ্ছে চীন এমন খবরে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতি চাঙ্গা হয়েছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৩২ সেন্ট বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৪৫ ডলার ১২ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি।
এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৪২ ডলার ৩৬ সেন্টে উন্নীত হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে আগস্ট ও সেপ্টেম্বরে অন্তত দুই কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য পণ্যবাহী ট্যাংকার বুকিং করেছে। এ তথ্য প্রকাশের পর পরই চাহিদা ও রফতানি বৃদ্ধির সম্ভাবনা থেকে যুক্তরাষ্ট্রের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম।










