তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশী রসুনের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। বাজারে দেশীয় রসুনের সরবরাহ কম। তার ওপর ভারতীয় রসুনের দাম বেড়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। এ কারণেই মসলাটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
জানা গেছে, তিনদিন আগে প্রতি কেজি দেশী রসুন প্রকারভেদে ১৬০-২০০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের রসুন বিক্রেতা শাকিল খান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রসুনের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিন দাম বাড়ছে। দেশী রসুনের সরবরাহ কমায় এতদিন ভারত থেকে আমদানীকৃত রসুন দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল। কিন্তু ভারতের বাজারেই রসুনের দাম বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে কয়েকদিন ধরে রসুন আমদানি বন্ধ রয়েছে। বাজারে এখন ভারতীয় রসুনের সরবরাহ নেই। অন্যদিকে দেশী রসুনের সরবরাহ অনেকটাই কমে গেছে। যে রসুন আমরা ২০০ টাকা কেজি বিক্রি করতাম, তা এখন কিনতেই হচ্ছে ২৩০ টাকা কেজি দরে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি কোনো পণ্যের অহেতুক দাম বাড়ায় তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।’









