জাপানের ৩০ শতাংশেরও বেশি বড় কোম্পানি আগামী বছরে সদ্য স্নাতকদের নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছে। দেশটির ১০০টি বড় কোম্পানির ওপর জরিপ পরিচালনা করে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা জিজি প্রেস। খবর জাপান টাইমস।

পর্যাপ্ত কর্মী সংকট সাম্প্রতিক বছরগুলোয় জাপানের চাকরির বাজারের অন্যতম আলোচনার বিষয়। ফেব্রুয়ারিতে প্রশ্নপত্রের মাধ্যমে পরিচালিত ওই জরিপ থেকে জানা যায়, সদ্য স্নাতক করা কর্মী নিয়োগের পাশাপাশি কিছু কোম্পানি অভিজ্ঞতাসম্পন্ন কর্মী চায়। মূলত ব্যবসা কৌশলের সঙ্গে মানিয়ে তরুণদের কাজে লাগাতে চায় এসব প্রতিষ্ঠান।

জরিপের তথ্য অনুযায়ী, ৩৩টি কোম্পানি জানিয়েছে যে তারা আগামী বসন্তে আরো নতুন স্নাতক নিয়োগের পরিকল্পনা করছে। তবে ২০২২ সালে জরিপে ৩৬টি কোম্পানি এ কথা বলেছিল। সব মিলিয়ে টানা তিন বছর এ হার ৩০ শতাংশের ওপরেই রয়েছে। 1

তাকাশিমায়ার একটি ডিপার্টমেন্টাল স্টোর ২০২৫ সালের বসন্তে ৬০ জন নতুন স্নাতক নিয়োগের পরিকল্পনা করেছে। চলতি মৌসুমে তারা ২৫ জন নতুন স্নাতক নিয়োগ দিয়েছে। অর্থাৎ আগামী বসন্তে এবারের তুলনায় ৩৫ জন বেশি নতুন স্নাতককে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। 

লজিস্টিক কোম্পানি ইয়ামাটো ট্রান্সপোর্ট নতুন স্নাতক নিয়োগ ২৫৮ থেকে ৪৩০-এ উন্নীত করতে চায়। জাপানের চেইন রেস্তোরাঁ পরিচালনা সংস্থা জেনশো হোল্ডিংসও একই রকম ভাবছে। তাদের মালিকানাধীন রেস্তোরাঁয় ৪০০ জন নতুন স্নাতক নিয়োগের পরিকল্পনা রয়েছে,৷ যা চলতি মৌসুমের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। সেন্ট্রাল জাপান রেলওয়ে সদ্য স্নাতক নিয়োগের হার ৪০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে। 

এদিকে নিয়োগ পরিকল্পনায় সদ্য স্নাতকদের অপেক্ষাকৃত কম গুরুত্ব দিচ্ছে এমন কোম্পানি আগের চেয়ে বেড়েছে। জরিপে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ থেকে বেড়ে ১২ হয়েছে। যেমন জাপান এয়ারলাইনস জানিয়েছে, গত বছর তারা অনেক কর্মী নিয়োগ দিয়েছে। এর ফলে   এখন পর্যাপ্ত  কর্মী রয়েছে। খুচরা পণ্য জায়ান্ট ইয়ন বলছে, তারা বছরজুড়েই অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে।

বিদ্যমান চাকরির বাজার নিয়ে টোকিও মেরিন অ্যান্ড নিচিডো ফায়ার ইন্স্যুরেন্স বলেছে, আমরা মনে করি কর্মীদের জন্য কাজ খুঁজে পাওয়া সহজ হচ্ছে। কোম্পানিগুলো আগে থেকেই লোক নিয়োগ শুরু করছে।