নির্বাচনই এখন বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে। সরকার, ব্যবসায়ী ও জনগণ সবার মনোযোগ এখন নির্বাচনের দিকেই। তাই সরকারের মূল লক্ষ্যও এখন নির্বাচনই।
গতকাল রাজধানীর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা জানান। সৌজন্য সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তা দেয়ার প্রস্তাব দেয় ইইউ প্রতিনিধি দল। এর আগে তিনি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দেশের রাজস্ব, রিজার্ভে, মুদ্রা ব্যবস্থাপনা ও সুদের হার নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির জন্য যেসব শর্ত পূরণ দরকার সেসব আমরা মোটামুটি পূরণ করেছি। নির্বাচনের আগে যদি দ্বিতীয় কিস্তি না-ও আসে তা-ও নির্বাচন গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে একটা সফল নির্বাচন করতে হবে। নির্বাচনের ফোকাসটা হারাতে পারি না। এ মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে। চার মাসের রিজার্ভ যথেষ্ট ভালো অবস্থানে। তিনি বলেন, ‘অনেক দেশের রিজার্ভ দুই সপ্তাহের ছিল কিন্তু তারা সেখান থেকেও ব্যবস্থাপনা করেছে। এছাড়া নির্বাচনের পর নতুন সরকার রিজার্ভ, ইন্টারেস্ট রেট, রাজস্ব, মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘তারা নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি কাজ করতে চায়। তারা এখানে ইইউর মতো কমন গ্রিড করতে চায়। যেখান থেকে আঞ্চলিক দেশের ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে এ শক্তি ভাগাভাগি হবে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তাদের ভালো অভিজ্ঞতা আছে, সেটা আমাদের এখানে তারা ব্যবহার করতে চায়।’
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘তারা আমাদের রাজস্ব আদায় বাড়ানো ও রিজার্ভ, মুদ্রা ব্যবস্থাপনা, সুদের হার ইত্যাদির বিষয়ে বলেছে। রফতানিতে বৈচিত্র্য আনার বিষয়ে বলেছে তারা। আমরা বলেছি যে সবকিছু ব্যবস্থাপনা করছি সে বিষয়ে তাদের জানিয়েছি।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক এখন আমাদের বিশেষ সুবিধায় ঋণ দিচ্ছে। এর পাশাপাশি তারা বিশেষ সুবিধা ছাড়া ঋণের বিষয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু সেখানে প্রায় ৫ শতাংশ সুদ, যেটা অনেক বেশি। এখন বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা ২ শতাংশ সুদে ঋণ পাই। তবে এলডিসি থেকে উত্তরণের পর আমরা বিশেষ সুবিধায় ঋণ পাব না।’










