বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল আফতাবনগরে পিএসটিসি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপারসন সানজিদা ইসলাম।

সভায় ২০২৫ সালের বার্ষিক কর্মসূচি ও আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক ও গভর্নিং বডির সদস্য সচিব ড. নূর মোহাম্মদ। তিনি বলেন, ‘২০২৫ সালে সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় পিএসটিসি সারা দেশে ২২টি ক্লিনিক ও ৫০টির বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে ৬৫ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটি ৯১ হাজার ৬৩৯টি নিরাপদ প্রসব নিশ্চিত করেছে, ৬৩ হাজার ৬৭৩টি শিশুকে টিকা প্রদান করেছে এবং ৬৭ হাজার ১৫২ জন নারীকে পরিবার পরিকল্পনা সেবা দিয়েছে। এসব কার্যক্রম দেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

প্রতিবেদনে জানানো হয়, যুব ক্ষমতায়নের ক্ষেত্রে পিএসটিসি প্রতি বছর ৩০ হাজারের বেশি কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) বিষয়ে শিক্ষা প্রদান করে। পাশাপাশি ৪৪৫ জন তরুণ-তরুণীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুব নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদারে পিএসটিসির উদ্যোগে গঠিত হয়েছে ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নয়ন)।

এছাড়া মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দুর্যোগকালীন ৮৯ হাজার ৬৮৫ জন মানুষকে জরুরি যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দিয়েছে পিএসটিসি। ১৫০ জন যুবক এবং ২৬৩টি কমিউনিটিকে দুর্যোগ সহনশীলতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২২ জন সেবাদানকারীকে মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ (এমআইএসপি) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

২০২৫ সালে পিএসটিসি মোট ১৮টি প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানানো হয়। যার মধ্যে চারটি ছিল প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে পরিচালিত প্রকল্প। একই সময়ে সিএমপি, পিইউডি, হোপ, স্প্রিন্ট ও লিভাইস—এ পাঁচটি নতুন প্রকল্প পিএসটিসির অনুকূলে অনুমোদন পায়। ২০২৫ সালে শেষে চারটি প্রকল্প সফলভাবে শেষও হয়েছে।

সভায় উল্লেখ করা হয়, পিএসটিসির তত্ত্বাবধানে পরিচালিত যুব কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালে ‘নয়ন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর কার্যক্রম উল্লেখযোগ্য সাড়া ফেললে আঞ্চলিক পর্যায়ে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ থেকে সাবিক রহমান সাউথ এশিয়া রিজিওনাল ইয়ুথ নেটওয়ার্কের (সারিন) ভাইস চেয়ারপারসন নির্বাচিত হন।

সভায় তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ড. আখতার বানুর নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য চেয়ারপারসন নির্বাচিত হন সানজিদা ইসলাম। এছাড়া গীতালি বদরুন্নেসা হাসান ভাইস চেয়ারপারসন এবং বদরুল মুনির কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. গোলাম রহমান, এএসএম মাহবুবুল আলম, ড. মো. খালেকুজ্জামান (রোমেন রায়হান), আলেয়া তামজিদা, যুব সদস্য প্রিয়তা মণ্ডল এবং ফাইজা রহমান অনিলা।

সভায় পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদকে তার পেশাগত দক্ষতা, কার্যকর নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গভর্নিং বডির পক্ষ থেকে পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৫ দেয়া হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে পিএসটিসির চেয়ারপারসন সানজিদা ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে ড. নূর মোহাম্মদ তার দায়িত্বশীল ব্যবস্থাপনা ও কৌশলগত দিকনির্দেশনায় পিএসটিসির কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের ফল হিসেবেই ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সহযোগী সদস্যপদ অর্জন এবং পিএসটিসির নিজস্ব ভবনের উদ্বোধন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘৪৭ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় পিএসটিসি দেশের জনস্বাস্থ্য উন্নয়ন, যুব ও নারীর ক্ষমতায়ন, শিশু ও কিশোর-কিশোরী এবং দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।’—বিজ্ঞপ্তি