প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলায় নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন। শনিবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।

আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন কারখানার সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ারুল আশরাফ খান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান মো.সাইদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আলম। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সার কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে যা দেশের অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রাখবে। নতুন সার কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা হ্রাস পাবে, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এ কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন ইউরিয়া সার উৎপাদিত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 

উল্লেখ্য, দেশে সারের ঘাটতি মেটাতে ২০২০ সালের ১০ মার্চ নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। যৌথভাবে ঠিকাদারির দায়িত্ব পায় জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও চীনের সিসি সেভেন নামে দুটি প্রতিষ্ঠান।

১১০ একর জমির ওপর নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এখান থেকে দৈনিক ২ হাজার ৮০০ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ, অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর সার কারখানাটি।