ভৌগোলিক অবস্থার কারণে ভারতের কাছে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্ব বাড়ছে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

মনোজ কুমার বলেন, ‘‌ ভৌগোলিক অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিতে যেসব বাধা রয়েছে, তা অচিরেই সমাধান করে আমদানি-রফতানি বাণিজ্য আরো সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ অংশে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে ভালো সুযোগ-সুবিধা রয়েছে। ভারত অংশে সুযোগ-সুবিধা আরো বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে ভারত অংশে রাস্তা প্রশস্তকরণ, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের যে দাবি কাস্টমস ও আমদানি-রফতানিকারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি সমাধানের মাধ্যমে বাণিজ্য আরো সম্প্রসারণ করা হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পৌর মেয়র জামিল হোসেন, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।