দিনাজপুরের
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি অব্যাহত থাকলেও দাম বাড়তি। বাজারে দেশী আদার সরবরাহ কমে যাওয়ায় চাহিদা বেড়েছে আমদানীকৃত ভারতীয় আদার। এতে সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা করে।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই আমদানীকৃত ভারতীয় আদার সরবরাহ আছে। তবে কোনো দোকানে দেশী আদা নেই। এক সপ্তাহ আগে প্রতি কেজি ভারতীয় আদা ১৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের আদা বিক্রেতা শাকিল খান বলেন, ‘কিছুদিন আগে বাজারে দেশী আদার সরবরাহ ছিল। বিশেষ করে রংপুর অঞ্চলের আদা বাজারে পর্যাপ্ত ছিল। কিন্তু ঈদের পর থেকে দেশী আদার সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে বাজারে এসব আদার কোনো সরবরাহ নেই। দেশী নতুন আদা আসতে কোরবানির ঈদ পেরিয়ে যাবে। ফলে আমদানীকৃত আদা দিয়েই চাহিদা মেটাতে হচ্ছে। আমরা হিলি স্থলবন্দর থেকে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে আমদানীকৃত ভারতীয় আদা কিনে আনছি। সব মিলিয়ে ২১০ টাকা ব্যয় হয়। লাভ রেখে আমরা ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট নূরে আলম সিদ্দিক ও রয়েল মল্লিক বলেন, ‘বাজারে দেশী আদার সরবরাহ কমে যাওয়ায় ভারত থেকে আমদানি করছেন আমদানিকারকরা। বন্দর দিয়ে আগে কয়েকজন আমদানিকারক নিয়মিতভাবে ভারত থেকে আদা আমদানি করতেন। চীন থেকেও আমদানি হতো। কিন্তু আমদানির পরিমাণ কিছুটা কম। ভারতীয় আদার চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে ভারতের বাজারেই আদার দাম বেশি।’









