বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য আজকের অস্থির বিশ্বে আন্তঃসীমান্ত বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ার মারিয়া ফার্নান্দা গারজা। সম্প্রতি ঢাকার একটি হোটেল অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সফরকালে গারজা বিভিন্ন সেক্টরের ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন এবং বাণিজ্যের বিভিন্ন দিক সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেছেন।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান গারজাকে ঢাকায় স্বাগত জানান এবং প্রত্যেকের জন্য, প্রতিদিন, সর্বত্র ব্যবসায়িক কাজ করার আইসিসির মিশনকে আন্ডারলাইন করেন। আইসিসিবি সভাপতি বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২০২৬ সালের মধ্যে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়া এবং বাংলাদেশের অর্থনীতি বিশ্বে ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে স্থানান্তর বিষয়ে উল্লেখ করেন। তিনি অবকাঠামো, জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ খাতে বেসরকারি খাতের বিনিয়োগসংক্রান্ত রেগুলেটরি সংস্কারের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের উন্নয়ন প্রকল্প এবং উন্নত ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘে স্বীকৃত একমাত্র বেসরকারি খাতের সংস্থা হিসেবে আইসিসির অনন্য মর্যাদাকে তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গারজাকে স্বাগত জানিয়ে মেক্সিকোতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা তুলে ধরেন। —বিজ্ঞপ্তি










