ভারতের পাম অয়েল আমদানির পরিমাণ অক্টোবরের তুলনায় নভেম্বরে এক-পঞ্চমাংশেরও বেশি বেড়েছে। সয়াবিন ও সূর্যমুখী তেলের তুলনায় পাম অয়েলের দাম তুলনামূলক সাশ্রয়ী থাকায় আমদানি বাড়িয়েছেন ভারতীয় পরিশোধনকারীরা। খবর রয়টার্স।

উদ্ভিজ্জ তেলের শীর্ষ আমদানিকারক ভারত। দেশটি আমদানি বাড়ানোয় শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমেছে। এতে ফিউচার মার্কেটে ভোজ্যতেলটির দাম বেড়েছে।

ডিলারদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নভেম্বরে ভারতের পাম অয়েল আমদানি অক্টোবরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটি ৮ লাখ ৬৭ হাজার টন পাম অয়েলে কিনেছে, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

উদ্ভিজ্জ তেলের ব্রোকারেজ সানভিন গ্রুপের সিইও সন্দীপ বাজোরিয়া বলেছেন, ‘কয়েক সপ্তাহ ধরে সয়াবিনের ও সূর্যমুখী তেলের চেয়ে পাম অয়েলে মূল্যছাড়ের পরিমাণ বাড়ছে। ফলে পরিশোধনকারীরা অন্যান্য তেলের ক্রয় কমিয়ে দিয়ে পাম অয়েলের দিকে ঝুঁকছেন।’

ডিলাররা জানিয়েছেন, পাম অয়েল আমদানি বাড়ার ফলে ভারতের মোট ভোজ্যতেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৩০ হাজার টনে। 

অক্টোবরের চেয়ে নভেম্বরে মোট ভোজ্যতেল আমদানির পরিমাণ ১৩ শতাংশ বেড়েছে।

ভোজ্যতেল ব্যবসায়ী ও ব্রোকার জিজিএন রিসার্চের ব্যবস্থাপনা অংশীদার রাজেশ প্যাটেল বলেছেন, ‘‌ভারতে এখন ভোজ্যতেলের মজুদ সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি স্তরে পৌঁছেছে।’

বাণিজ্য সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) তথ্যমতে, ১ নভেম্বর দেশটিতে উদ্ভিজ্জ তেলের মজুদ ৩১ লাখ টনে উন্নীত হয়েছে। ২০২২ সালের একই সময়ের মজুদের পরিমাণ ছিল ২৪ লাখ ৫০ হাজার টন। জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুরো নভেম্বরের তথ্য প্রকাশ করবে এসইএ।