সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২২০তম পর্ষদ সভা থেকে এ লভ্যাংশের সুপারিশ করা হয়। পাশাপাশি সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছরের ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৬৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের নিট মুনাফা ছিল ৭ কোটি ১৮ লাখ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সায়।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা। আগের বছরে যা ছিল ১ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৮২ পয়সায়।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে ব্যাংকটির এনএভিপিএস ছিল ১৮ টাকা ২২ পয়সায়।

১৯৯৫ সালে পুঁজিবাজারে আসা কর্ণফুলী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩২ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৪। কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ৮৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২ দশমিক ৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬৬ দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৬ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩৩ টাকা থেকে ৫১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ বার্ষিক ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২২ দশমিক ৯৩, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক ফলাফলের ভিত্তিতে যা ১৬ দশমিক ৪৬।