চলতি বছরের মে মাসে ভারতের আটটি প্রধান প্রধান শিল্পোৎপাদন খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ দশমিক ১ শতাংশ। খাতগুলোর প্রবৃদ্ধির এ হার গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। কয়লাসহ অপরিশোধিত জ্বালানি তেল, সার, সিমেন্ট ও বিদ্যুৎ খাতের উৎপাদন এতে অবদান রেখেছে। খবর পিটিআই।

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব ঘটলে লকডাউনের কারণে ভারতের শিল্পোৎপাদন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছর পর্যন্তও এ ধারা অব্যাহত ছিল। তবে নভেল করোনাভাইরাসের প্রকোপ কমায় সম্প্রতি খাতগুলোর পুনরুদ্ধার শুরু হয়েছে। এর জের ধরে গত ১৩ মাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখা দিয়েছে দেশটির প্রধান শিল্পোৎপাদন খাতগুলোয়।

মে মাসে ভারতের প্রধান আটটি শিল্পোৎপাদন খাতের প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ৩ শতাংশ। সর্বশেষ দেশটির শিল্পোৎপাদন খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল গত বছরের এপ্রিলে। ওই মাসে প্রবৃদ্ধির হার ছিল ৬২ দশমিক ৬ শতাংশ।

এ বছরের মে মাসে কয়লা খাতের উৎপাদন ২৫ দশমিক ১ শতাংশ, অপরিশোধিত জ্বালানি তেল ৪ দশমিক ৬, পরিশোধক পণ্য ১৬ দশমিক ৭, সার ২২ দশমিক ৮, সিমেন্ট ২৬ দশমিক ৩ শতাংশ ও বিদ্যুৎ খাতের উৎপাদন বেড়েছে ২২ শতাংশ। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত উৎপাদন কমেছে যথাক্রমে ৭ শতাংশ ও ১৫ শতাংশ। গত বছরের একই সময়ে প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২০ দশমিক ১ শতাংশ ও ৫৫ দশমিক ১২ শতাংশ।

এদিকে ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল ও মে মাসে এ আটটি শিল্পোৎপাদন খাতের উৎপাদন ১৩ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতগুলোর প্রবৃদ্ধি ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ।

এ বিষয়ে ইকরার প্রধান অর্থনীতিবিদ আদিতি নায়ার বলেন, মে মাসে প্রধান খাতগুলোয় ব্যাপক প্রবৃদ্ধি হয়। অসমন্বিত তথ্যে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রবৃদ্ধি বেশি ছিল। এর মধ্যে কয়লা উৎপাদন খাতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়। কভিডপূর্ব স্তরের তুলনায় এ বছরের মে মাসে প্রধান শিল্পোৎপাদন খাতের সূচকে ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি ছিল। মে মাসে ২০১৯ সালের একই সময়ের তুলনায় সার, কয়লা, সিমেন্ট ও বিদ্যুৎ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল দুই অংকের।

আদিতি নায়ার জানান, চলতি বছরের মে মাসে শিল্পোৎপাদন সূচক (আইআইপি) বা কারখানার উৎপাদন ১৬-১৯ শতাংশ বেড়েছে বলে আমরা ধারণা করছি। প্রধান প্রধান খাতের ব্যাপক প্রবৃদ্ধি এক্ষেত্রে অবদান রেখেছে।

দেশটির শিল্পোৎপাদন সূচকের ৪০ দশমিক ২৭ শতাংশ আসে আটটি প্রধান শিল্পোৎপাদন খাত থেকে।