প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চায় জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। এজন্য সৌরবিদ্যুৎ, ভূতাপীয় ও হাইড্রোজেনভিত্তিক জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা এ শিল্প খাতকে স্থবির করে দিতে পারে—এমন আশঙ্কাও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টার একটি বড় কারণ। খবর রয়টার্স।
২০২১ সাল পর্যন্ত পরিসংখ্যান বলছে, বিএমডব্লিউর প্রাকৃতিক গ্যাসনির্ভরতা ৫৪ শতাংশ। এখন পরীক্ষা করে দেখা হচ্ছে যে, জ্বালানির জন্য সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানো যায় কিনা। তাহলে কারখানাগুলোয় সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে জার্মানির লিপজিগের কারখানায় হাইড্রোজেন পরিবহনের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে।
বিএমডব্লিউর কারখানাগুলোয় যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। এখন সেটি স্থগিত হয়ে যাওয়ায় বিকল্প ভাবতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বিএমডব্লিউ ছাড়াও জার্মানির শিল্প খাতজুড়ে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজন অনুযায়ী রেশনিংয়ের মাধ্যমে কাজ চালানো হচ্ছে, এ কারণে কোনো কোনো কারখানায় সরবরাহে বিঘ্নও ঘটছে।
জার্মানি ছাড়াও হাঙ্গেরিতে একটি নতুন কারখানা চালু করছে বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটি বলছে, এটি হবে বিশ্বের প্রথম কারখানা, যেখানে কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হবে না। এটি মূলত সৌরবিদ্যুৎ নির্ভরশীল হবে। পাশাপাশি ভূতাপীয় বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনাও করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির চেয়ে ভূতাপীয় জ্বালানি অনেক বেশি স্থিতিশীল। কিন্তু সে তুলনায় এ জ্বালানি খাতে বিনিয়োগ কম হয় বা এর উন্নয়ন কম হয়েছে। বিশেষ করে বায়ু বা সৌরবিদ্যুৎ যেখানে অনেক এগিয়ে গিয়েছে, সেখানে ভূতাপীয় বিদ্যুৎ এখনো তেমন পরিচিতি পায়নি। এর জন্য এ বিদ্যুৎ প্রকল্পের খরচ ও মাটি খননসহ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি বা লাইসেন্স পাওয়ার জটিল প্রক্রিয়ার কথা উল্লেখ করা হচ্ছে। তবে এসব কাটিয়ে বিএমডব্লিউ খাতটিতেও বিনিয়োগের পরিকল্পনা করছে।










