ইউরোউইংসের পাইলটরা তিনদিনের ধর্মঘট শুরু করেছেন। কর্মপরিবেশের উন্নতির দাবিতে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ধর্মঘটে যাচ্ছে জার্মানিভিত্তিক লুফথানসার সাবসিডিয়ারি এয়ারলাইনসটি। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকে তিনদিনের ধর্মঘট শুরু করেছে বাজেট উড়োজাহাজ সংস্থাটির পাইলটরা। এদিকে ইউরোউইংস জানায়, একদল পাইলটের কর্মবিরতিরও পরও সোমবার পরিকল্পিত ৪০০ ফ্লাইটের মধ্যে ২৩০টি যথারীতি চলছে। সর্বোচ্চ ফ্লাইং আওয়ার সীমা হ্রাসের দাবি তুলেছেন পাইলটরা। এ দাবিতে এর আগে ৬ অক্টোবর একদিনের ধর্মঘট করেছিলেন ক্ষুব্ধ পাইলটরা। তিনদিনের কর্মবিরতিকে অসংগতিপূর্ণ ও দায়িত্বহীন আচরণ বলে অভিহিত করে ইউরোউইংস কর্তৃপক্ষ।