উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতিতে ফ্লাইট ব্যাহত হয়েছে কেনিয়া এয়ারওয়েজের। ফ্লাইট বিলম্বের কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
কেনিয়া এয়ারওয়েজের প্রধান নির্বাহী অ্যালান কিলাভুকা জানিয়েছেন, যন্ত্রাংশ সরবরাহের ঘাটতি অব্যাহত থাকলে কিছু ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হবে প্রতিষ্ঠানটি। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এ চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। চলমান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রুশ সাপ্লাই চেইন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
কিলাভুকা আরো জানিয়েছেন, রাশিয়ার টাইটানিয়াম এভিয়েশন শিল্পে ব্যবহূত একটি অতি গুরুত্বপূর্ণ কাঁচামাল। এটি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেনিয়া এয়ারওয়েজ লিমিটেড কেনিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিষেবা সংস্থা। প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পূর্ব আফ্রিকান এয়ারওয়েজ বিলুপ্তির পর প্রতিষ্ঠিত হয়।










