জেনারেল অ্যারোনটিকসের অর্ধেক অংশীদারত্ব কেনার ঘোষণা দিয়েছে আদানি এন্টারপ্রাইজ। এ লক্ষ্যে ফসল সুরক্ষায় বাণিজ্যিক ড্রোনভিত্তিক সমাধান সরবরাহকারী প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে ভারতীয় বহুজাতিক গ্রুপটি। খবর দ্য প্রিন্ট।
আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আদানি ডিফেন্স সিস্টেম অ্যান্ড টেকনোলজিস লিমিটেড জেনারেল অ্যারোনটিকসের অর্ধেক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
প্রতিষ্ঠানটির চিঠিতে বলা হয়েছে, দেশীয় কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে কাজ করতে চায় আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সামরিক ড্রোন ও এআই/এমএল ক্ষমতাকে কাজে লাগাবে এবং জেনারেল অ্যারোনটিকসের সঙ্গে কাজ করবে। জেনারেল অ্যারোনটিকস হলো এন্ড-টু-এন্ড এগ্রি প্লাটফর্ম সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান।
ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠানটি ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্লেষণধর্মী পরিসংখ্যান ব্যবহার করে কৃষি খাতের জন্য ফসল সুরক্ষা পরিষেবা, ফসলের স্বাস্থ্য, নির্ভুলভাবে চাষাবাদ ও ফসল পর্যবেক্ষণ করে থাকে। এ কাজের জন্য সংস্থাটি রোবোটিক ড্রোন ও ড্রোনভিত্তিক সমাধান প্রদান করে।










