আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের যৌথ উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছ।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এফবিসিসিআইয়ের হাটখোলা ভবনে এ মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে অংশ নেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও এফবিসিসিআইয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ভবন থেকে মানুষ ও সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারণের করণীয় ফুটিয়ে তোলা হয়।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে প্রতিবছর কোনো না কোনো দুর্যোগ মোকাবিলা করতে হয়। তবে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস কিছুদিন আগে দেওয়া সম্ভব হলেও অগ্নিকাণ্ডের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাপক আকারে সচেতনতা গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।  তিনি বলেন, এই সেন্টারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অনেকে প্রশিক্ষণ নিতে আসবে। ভবনের কোনো ত্রুটি থাকলে ফায়ার ডিফেন্স ও এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের সহযোগিতায় সেগুলো সমাধান করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আনোয়ার সাদাত সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম সফিকুল হায়দার, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষসহ অনেকে।