রুশ ব্যবসা বিক্রির ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ারিং গ্রুপ সালজার। ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়া বাজারটি থেকে অনেক প্রতিষ্ঠানই বেরিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এমন পদক্ষেপ নিচ্ছে সালজার। খবর রয়টার্স।
অন্য কোনো বিস্তারিত তথ্য না জানিয়েই শিগগিরই বিক্রির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, অনেকগুলো বিকল্প রয়েছে, তার মধ্যে স্থানীয় কোনো ম্যানেজমেন্ট চাইলে ব্যবসাটা কিনেও নিতে পারবে।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি রাশিয়ায় কার্যক্রম সংকুচিত করেছিল। সেখানে সংস্থাটির ৩০০ জন কর্মী রয়েছেন।
তবে কয়েক দশকব্যাপী রাশিয়ায় ব্যবসা পরিচালনার পরে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় অনুশোচনা প্রকাশ করেছে বোর্ড। কিন্তু এমন সিদ্ধান্তের সম্ভাব্য সব বিকল্প নিয়ে সতর্ক পর্যালোচনার পরে তারা মন্তব্য করছেন, এটাই সব স্টেকহোল্ডারের জন্য সবচেয়ে ভালো সমাধান।










