পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর গত এক মাসে প্রায় ৭১ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই বেড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৮ জুলাই পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর ছিল ১৫৯ টাকা ৩০ পয়সা। সেখান থেকে বেড়ে সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২৭২ টাকায়। সে হিসাবে আলোচ্য এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১২ টাকা ৭০ পয়সা বা ৭০ দশমিক ৭৫ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৮ লাখ ৩৩ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে। আর সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির ৭ লাখ ৪ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৯৬ পয়সায়। এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও বাকি ১১ শতাংশ স্টক লভ্যাংশ।