অবকাশ যাপনকারীদের একটি বড় অংশ উচ্চমূল্য দিয়ে উড়োজাহাজের টিকিট ও বিভিন্ন প্যাকেজ ক্রয় করেছে। এতে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনাইটেড এয়ারলাইনসের মুনাফা ৯৪ কোটি ২০ লাখ ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি চলতি বছর বড় ধরনের মুনাফা পাওয়ার আশা করছে মার্কিন উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি।

শিকাগোভিত্তিক ইউনাইটেড এয়ারের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেন, বৈশ্বিক আর্থিক অস্থিরতা ও মূল্যস্ফীতি গ্রাহককে উড়োজাহাজের টিকিট ক্রয় থেকে বিরত রাখতে পারেনি। তাছাড়া গ্রাহকদের একটি শ্রেণী যারা মূলত বাড়িতে থেকে আংশিক অফিস করেন তারা ছোট পরিসরে ভ্রমণ করতে যথেষ্ট সময় পেয়ে থাকেন।

ফ্যাক্টসেট জরিপে এয়ারলাইনসটির শেয়ারপ্রতি ২ ডলার ২৮ সেন্ট আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, শেয়ারপ্রতি সংস্থাটির সামঞ্জস্যপূর্ণ মুনাফা ২ ডলার ৮১ সেন্টে দাঁড়িয়েছে।

এ অবস্থায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে, চতুর্থ প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ২ থেকে ২ ডলার ২৫ সেন্টের মধ্যে থাকবে। এর আগে ফ্যাক্টসেটের পূর্বাভাসে শেয়ারপ্রতি ৯৮ সেন্ট মুনাফার কথা বলা হয়। এদিকে বিশ্লেষকদের ১ হাজার ২৭৪ কোটি ডলারের পূর্বাভাস টপকে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১ হাজার ২৮৮ কোটি ডলার আয় তুলে নিয়েছে।

এ প্রতিবেদন প্রকাশের পর উড়োজাহাজ পরিবহন কোম্পানিটির শেয়ার বেড়েছে ৭ শতাংশ। তাছাড়া মহামারী পরিস্থিতি কাটিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির উড়োজাহাজ ভ্রমণ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক গতিতে ফিরেছে।

ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান অনুসারে, গত রোববার প্রায় ২৫ লাখ যাত্রী বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্ট পার করেন। সংখ্যাটি ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে বেশি।

মহামারীর আগের অবস্থার তুলনায় এখন উড়োজাহাজ ভাড়া বেশি হওয়ায় মাইলপ্রতি আয় ২০১৯ সালের আয়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

ডেল্টা এয়ারলাইনস তৃতীয় প্রান্তিকে ৬৯ কোটি ৫০ লাখ মুনাফা অর্জনের ঘোষণার এক সপ্তাহ পর ইউনাইটেড এয়ারলাইনসের আয়ের এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া আসছে ছুটির দিনগুলো ঘিরে প্রতিষ্ঠানটি চতুর্থ প্রান্তিকের জন্য আরো আশাবাদী পূর্বাভাস দিচ্ছে।