ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ও প্রতীকী পতাকা কর্মসূচি আয়োজন করেছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ মঙ্গলবার ময়মনসিংহের বীকন ফ্যাক্টরি প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সবার মধ্যে ফুসফুস ক্যান্সার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, ঝুঁকি হ্রাস ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা এ আয়োজনের মূল লক্ষ্য।
সেমিনারে বিশেষ বক্তব্য দেন ক্লিনিকাল অনকোলজিস্ট ডা. এ টি এম সাজ্জাদ হোসেন। তিনি ফুসফুস ক্যান্সারের ঝুঁকির কারণ তুলে ধরেন। সেইসঙ্গে দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, বুকব্যথা ও অপ্রত্যাশিত ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার পরামর্শ নেয়ার ওপর জোর দেন।
ডা. সাজ্জাদ বলেন, ‘ফুসফুস ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ—দুই দিকেই সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার। উপসর্গকে হালকাভাবে নিলে দেরি হয়ে যেতে পারে। সময়মতো সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।’
অনুষ্ঠানে ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি, বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রধান এস এম মাহমুদুল হক পল্লব। তিনি কর্মীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানের ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘নভেম্বর মাসজুড়ে আমরা ফুসফুস ক্যান্সার সচেতনতার বার্তা কর্মক্ষেত্র ও সমাজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধূমপানমুক্ত কর্মপরিবেশ, তথ্যভিত্তিক প্রশিক্ষণ ও সময়মতো পরামর্শ— এ তিন স্তম্ভকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’
সেমিনার শেষে ফ্যাক্টরি প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি প্রতীকী পতাকা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
-বিজ্ঞপ্তি










