সম্প্রতি মৃত্যুবরণ করা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক খাজা গোলাম রসূলের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এক্সচেঞ্জটির মাল্টিপারপাস হলে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। পরে স্মরণসভায় মরহুমদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা,  শরীফ আনোয়ার হোসেন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএস শাহেদুল হক বুলবুল ও গ্রিনল্যান্ড ইক্যুইটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান উপস্থিত ছিলেন। সভায় থাকা খাজা গোলাম রসূলের কন্যা সামিয়া কায়সার এ স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য ডিএসইকে ধন্যবাদ জানান। শেষে নূর-ই-আলম সিদ্দিকী ও খাজা গোলাম রসূলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, নূর-ই-আলম সিদ্দিকী গত ২৯ মার্চ ভোর সাড়ে ৪টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন ও তার আগে গত ১১ মার্চ রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেন খাজা গোলাম রসূল। —বিজ্ঞপ্তি