চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে পেট্রলের চাহিদা ২ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে গত মার্চে দেশটিতে নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে লকডাউন চালুর পর প্রথমবারের মতো জ্বালানি পণ্যটির চাহিদায় উত্থান দেখা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারতজুড়ে লকডাউন শিথিল হওয়ায় পেট্রলের চাহিদা করোনা মহামারী পূর্ববর্তী অবস্থানে ফিরতে শুরু করেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্স।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে পেট্রলের চাহিদা ছিল ২২ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ২০১৯ সালের একই মাসে দেশটিতে পেট্রলের চাহিদা ছিল ২১ লাখ ৬০ হাজার টন।
চলতি বছরের আগস্টে ভারতে পেট্রলের চাহিদা ছিল ১৯ লাখ টন। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে ভারতে জ্বালানি পণ্যটির চাহিদা বেড়েছে ৩ লাখ টন বা ১০ দশমিক ৫ শতাংশ। মার্চের শেষ নাগাদ লকডাউন চালুর পর এবারই প্রথম ভারতে পেট্রলের চাহিদা বেড়েছে।
এদিকে চলতি বছরের আগস্টে ভারতে ডিজেলের চাহিদা ছিল ৩৯ লাখ ৭০ হাজার টন। সেপ্টেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪০ হাজার টনে। তবে আগের মাসের তুলনায় বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় ভারতে ডিজেলের চাহিদা কম ছিল। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির চাহিদা ছিল ৫২ লাখ টন।










