যুক্তরাজ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এর ফলে হঠাৎ করেই বেড়ে গিয়েছে পরিবারগুলোর খরচ। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবামূলক কাজের অংশ হিসেবে নিজেদের মুনাফায় সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ গ্যাসের মালিকানা প্রতিষ্ঠান সেনট্রিকা। খবর দ্য গার্ডিয়ান।
সেনট্রিকা জানিয়েছে, এ বছর মুনাফা বাড়ানো প্রতিষ্ঠানের লক্ষ্য নয়। পরিবর্তে ব্যবসাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে চায় প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথমার্ধে বিপুল মুনাফা করেছে সেনট্রিকা। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মুনাফা তো বেড়েছেই, পাশাপাশি সম্পত্তি বিক্রি করেও লাভবান হয়েছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালের প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৬ হাজার ২০০ কোটি পাউন্ড।
সেনট্রিকা হলো যুক্তরাজ্যের অন্যতম গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস ও’শিয়া বলছেন, সংকট নিরসনে পাঁচটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নতুন ধরনের চুক্তি সই করতে চান তারা। সেনট্রিকার উত্তর সাগরের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের জন্য সরকারের সঙ্গে নতুন ধরনের চুক্তি করতেও প্রস্তুত প্রতিষ্ঠানটি।
সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস জ্বালানি বিল কমাতে প্রণোদনার ঘোষণা দিয়েছেন। নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে বাজারদরের চেয়ে কম দামে বিদ্যুৎ সরবরাহ করতে বলা হয়েছে। আগামী দুই বছরের জন্য পরিবারগুলোর জ্বালানির খরচ কমাতে তার এ উদ্যোগ। তিনি বলেছেন, ভোক্তা ও ব্যবসায়ীদের সুরক্ষা দিতে চায় তার সরকার।
ও’শিয়া আরো বলেন, উত্তর সাগর ও আইরিশ সাগরের ক্ষেত্র থেকে আহরিত গ্যাস এবং আমাদের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে সরকারকে প্রস্তাব দিতে যাচ্ছি আমরা। এর মাধ্যমে মানুষের জ্বালানি ব্যয় কমবে। আমরা প্রত্যাশা করি, অন্য প্রতিষ্ঠানগুলোও এমন উদ্যোগ নেবে।









