কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ আগে থেকেই ছিল। তবে গবেষকদের সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, ওপেন-সোর্স এআই প্লাটফর্মগুলো বাণিজ্যিক এআই সেবাদাতা প্রতিষ্ঠানের তুলনায় আরো বড় নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। খবর দ্য রেজিস্টার।
সাইবার নিরাপত্তা গবেষণাপ্রতিষ্ঠান সেন্টিনেলল্যাবসের থ্রেট গবেষকরা ইন্টারনেট ম্যাপিং সংস্থা সেনসিসের সঙ্গে যৌথভাবে ইন্টারনেটে উন্মুক্ত থাকা ‘ওলামা’ ওপেন-সোর্স এআই সিস্টেমের উপস্থিতি বিশ্লেষণ করেছেন।
ওলামা হলো এমন একটি জনপ্রিয় সফটওয়্যার যা দিয়ে যে কেউ নিজের কম্পিউটারে বা সার্ভারে শক্তিশালী এআই মডেল চালাতে পারে। কিন্তু গবেষণায় দেখা গেছে, হাজার হাজার মানুষ বা প্রতিষ্ঠান এসব সিস্টেম কোনো শক্তিশালী পাসওয়ার্ড বা সুরক্ষা ছাড়াই ইন্টারনেটে উন্মুক্ত করে রেখেছে। গবেষকরা এ পরিস্থিতিকে একটি ‘বিস্ফোরকের স্তূপের’ সঙ্গে তুলনা করেছেন। তাদের মতে, হ্যাকাররা এখন কেবল একটি নতুন ভাইরাসের অপেক্ষায় আছে, যা দিয়ে তারা একযোগে সারা বিশ্বের এসব এআই সিস্টেম দখল করে নিতে পারবে।
গবেষকদের মতে, ওপেন-সোর্স এআই সিস্টেমে নিয়ন্ত্রণ ও নজরদারির সুযোগ তুলনামূলকভাবে কম থাকায় এগুলো সহজেই অপব্যবহারের শিকার হতে পারে। ফলে সাইবার অপরাধ, হ্যাকিং বা ভুয়া তথ্য তৈরির মতো ঝুঁকি আরো বেড়ে যায়।
ওপেন-সোর্স এআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমকে বোঝায়, যার সোর্স কোড, মডেল বা নকশা সবার জন্য উন্মুক্ত থাকে। অর্থাৎ যে কেউ চাইলে এগুলো দেখতে, ব্যবহার করতে, পরিবর্তন করতে বা নিজের মতো করে চালাতে পারে। বাণিজ্যিক এআই (যেমন ওপেনএআই বা গুগল) সাধারণ ব্যবহারকারী শুধু ব্যবহার করতে পারে, ভেতরের কোডে প্রবেশাধিকার নেই। ওপেন-সোর্স এআইয়ের ক্ষেত্রে যে কেউ কোড ডাউনলোড করে নিজের কম্পিউটার বা সার্ভারে চালাতে পারে।
ওপেন-সোর্স এআই প্লাটফর্ম ওলামা ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। ব্যবহারকারীরা চাইলে এটি নিজেদের কম্পিউটার বা সার্ভারে ডাউনলোড, চালু এবং পরিবর্তন করতে পারে। ওলামা মূলত চ্যাটবট, টেক্সট জেনারেশন এবং ডাটা বিশ্লেষণের মতো কাজের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারকারী মডেল নির্বাচন করে সেটি সার্ভারে চালু করে এবং এরপর ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী রেসপন্স তৈরি হয়।
গবেষকরা ইন্টারনেটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭৫ হাজার ১০৮টি এমন কম্পিউটার বা সার্ভার খুঁজে পেয়েছেন যেগুলো ওলামা ব্যবহার করে এআই চালাচ্ছে এবং সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত (অরক্ষিত) অবস্থায় আছে। সার্ভারগুলো বিশ্বের ১৩০টি দেশে ছড়িয়ে আছে।
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এ বিশাল সংখ্যক সিস্টেমের প্রায় সবাই একই ধরনের এআই মডেল (যেমন: Llama, Qwen2, বা Gemma2) ব্যবহার করছে এবং সবার সেটআপ করার ধরনও একদম এক।
গবেষকরা বলছেন, এসব এআই সিস্টেমের গঠন এক হওয়ার কারণে হ্যাকাররা যদি একটি ত্রুটি খুঁজে পায়, তবে তারা এক নিমেষেই সারা বিশ্বের লাখ লাখ এআই সার্ভার দখল করে নিতে পারবে।
সেন্টিনেল ল্যাবস ও সেনসিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব ওলামা সিস্টেমে এমন কিছু ফিচার চালু রয়েছে, যা হ্যাকারদের জন্য ‘আশীর্বাদ’ হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অনেক ক্ষেত্রে এসব এআই মডেল ‘আনসেন্সরড’ বা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই কাজ করছে। এতে কোনো হ্যাকার চাইলে ক্ষতিকর কোড তৈরি বা সংবেদনশীল তথ্য চুরির মতো কাজে এআইকে ব্যবহার করতে পারে।










