টানা তিন বছরেরও বেশি সময় ধরে লোকসানে থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত এনবিএফআইটিতে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সুদ বাবদ আয় হয়েছে ৪৩ কোটি ২৯ লাখ টাকা। এ আয় এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২২ কোটি ৫৮ লাখ টাকা বা ৩৪ দশমিক ২৮ শতাংশ কম। আগের হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির সুদ আয় হয়েছিল ৬৫ কোটি ৮৭ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির পরিচালন লোকসান হয়েছে ৮ কোটি ৫৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৮ কোটি ১৫ লাখ টাকা। আর বিভিন্ন খরচ শেষে সর্বশেষ তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৯ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৩০ কোটি ১ লাখ টাকা বা ৭৬ দশমিক শূন্য ৯ শতাংশ।










