সৌদি আরবের বেকারত্বের হার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। একে ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে দেশটির সরকার। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (জিএস্ট্যাট) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমেছে। সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্বের হার দ্বিতীয় প্রান্তিকে ৮ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেকারত্ব দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কম। ২০২২ সালের একই সময়ের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের সামগ্রিক বেকারত্বের হার ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমেছে।

জিএস্ট্যাটের তথ্য দেখাচ্ছে, সৌদি আরবের কর্মসংস্থান জনসংখ্যার অনুপাত কমেছে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা হিসাবে চলতি দশকের শেষ নাগাদ বেকারত্বের হার ৭ শতাংশে নামিয়ে আনা হবে। ৩০ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করা হবে কর্মশক্তিতে।

জিএস্ট্যাটের মতে, সৌদি মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের প্রান্তিকের তুলনায় দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমেছে। বিপরীতে সৌদি পুরুষদের মধ্যে এ হার অপরিবর্তিত। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ৯৫ দশমিক ৩ শতাংশ বেকারই দেশটির বেসরকারি খাতে চাকরি করতে আগ্রহী।