শুল্ক ও বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলোর গতি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল ঢাকায় এনবিআর কার্যালয়ে এনবিআর সদস্য (শুল্ক: রফতানি, বন্ড ও আইটি) হোসেন আহমদের সঙ্গে বৈঠককালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘পোশাক শিল্প একটি ফ্যাশন-বাউন্ড ও টাইম-বাউন্ড শিল্প। শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে লিডটাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তীব্র প্রতিযোগিতাময় বিশ্ববাজারে পোশাক রফতানি ব্যবসায় প্রতিটি মুহূর্তই অমূল্য।’
ফারুক হাসান বলেন, ‘পোশাক শিল্প-কারখানাগুলো লিড টাইম অনুযায়ী রফতানি কার্যক্রম পরিচালনা করে। ক্রেতারা স্বল্প সময়ের মধ্যে এবং সময়মতো পণ্য সরবরাহের দাবি করে। আমাদের অবশ্যই এ বাজারের গতিশীলতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
এ সময় বিজিএমইএ সভাপতি শিল্পে লিড টাইম কমাতে এবং শিপমেন্ট বিলম্বের কারণে অতিরিক্ত খরচ কমাতে শুল্ক ও বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলোর গতি বাড়ানোর ওপর জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালক আসিফ আশরাফ, এনবিআরের প্রথম সচিব (শুল্ক: রফতানি ও বন্ড) মু. মাহবুবুর রহমান প্রমুখ।
তারা পোশাক শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো এবং শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন।
পোশাক রফতানিকারকদের জন্য দ্রুততর এবং আরো দক্ষ পরিষেবার সুবিধার্থে ব্যবসায়িক প্রক্রিয়াগুলো স্ট্রিমলাইন করার জন্যও বিজিএমইএ নেতারা এনবিআরকে অনুরোধ জানান।
বর্তমানে পোশাক রফতানিকারকরা শুল্ক এবং বন্ড-সম্পর্কিত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলো সমাধান করার জন্য একটি ঝামেলামুক্ত প্রক্রিয়া নিশ্চিত করার জন্যও অনুরোধ জানিয়েছেন তারা।










