পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানকে ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড থেকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের পক্ষে সম্মতি দিয়েছেন ফান্ডটির ইউনিটহোল্ডাররা। গতকাল মিউচুয়াল ফান্ডটির বিশেষ সাধারণ সভায় (এসজিএম) ইউনিটহোল্ডাররা ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন ২০২৬ শেষে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে, ক্রয়মূল্যে যা ১০ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ৫৫ কোটি ২২ হাজার টাকায় দাঁড়িয়েছে, বাজারমূল্যের ভিত্তিতে যা ৪৬ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সায়। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৯০ পয়সা।
২০২৩-২৪ হিসাব বছরেও ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এর আগে ২০২২-২৩ হিসাব বছরে ৬ শতাংশ, ২০২১-২২ হিসাব বছরে ৮ ও ২০২০-২১ হিসাব বছরে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফান্ডটি।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের পরিশোধিত মূলধন ৫০ কোটি ১৩ লাখ ১০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭২ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ১৯ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ২৪ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৯ দশমিক ৮১ শতাংশ ইউনিট রয়েছে।










