চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইউরোজোনের সদস্যদেশগুলোর গড় মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রত্যাশার চেয়ে বেড়েছে। এ সময় দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩ শতাংশ। সামগ্রিকভাবে ইউরোজোনের প্রবৃদ্ধি বাড়লেও এ ব্লকের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির অর্থনীতি দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। সম্প্রতি প্রকাশ হওয়া ইউরোস্ট্যাটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর ইউরোনিউজ। 

ইউরো ব্যবহারকারী ইউরোপের এমন ২০টি দেশ একত্রে ইউরোজোন হিসোবে পরিচিতি। চলতি বছরের শুরু থেকে এ অঞ্চলভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী। এর আগে দ্বিতীয় প্রান্তিকে দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও তা ছাড়িয়ে গেছে দেশগুলো। এর অর্থ, অঞ্চলটির অর্থনীতি প্রত্যাশার চেয়েও কিছুটা দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রবৃদ্ধিও আগের প্রান্তিকের ধারাবাহিকতা বজায় রেখেছে। দ্বিতীয় প্রান্তিকে ইইউর জিডিপির প্রবৃদ্ধিও দশমিক ৩ শতাংশ। 

প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ইউরোজোনের সদস্য দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের জিডিপি ১ দশমিক ২ শতাংশ, লিথুয়ানিয়ার দশমিক ৯ ও স্পেনের প্রবৃদ্ধি দশমিক ৮ শতাংশ বেড়েছে। 

তবে ইউরোজোনের বৃহত্তম অর্থনীতি জার্মানির জিডিপি অপ্রত্যাশিতভাবে দশমিক ১ শতাংশ কমেছে। ফেডারেল স্ট্যাটিসটিকস অফিসের তথ্যানুসারে, এ সময় দেশটির জিডিপি প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে এ পরিমাণ প্রবৃদ্ধিও অর্জন করতে পারেনি দেশটি। প্রথম প্রান্তিকে দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল জার্মানি। উচ্চ সুদহারের কারণে দেশটির শিল্প খাত ক্রমাগত চাপের মধ্যে আছে। ফলে যন্ত্রাংশ ও আবাসন খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে গেছে। 

জার্মানির মতো দ্বিতীয় প্রান্তিকে লাটভিয়ার জিডিপি কমেছে ১ দশমিক ১ শতাংশ, সুইডেনের দশমিক ৮ শতাংশ এবং হাঙ্গেরির ডিজিপি কমেছে দশমিক ২ শতাংশ। 

ইউরোজোনভুক্ত ফ্রান্সের অর্থনীতিও পূর্বাভাসের চেয়ে বেড়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিকস অ্যান্ড ইকোনমিক স্টাডিজের (আইএনএসইই) তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় দেশটিতে ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। দেশটির প্রথম প্রান্তিকেও প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী ছিল। মজুদ বাদ দিয়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। গৃহস্থালির ভোগব্যয় এ সময় স্থিতিশীল ছিল। তবে দ্বিতীয় প্রান্তিকে ইতালির ডিজিপি প্রবৃদ্ধির হার সামান্য কমেছে। প্রথম প্রান্তিকে দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এ সময় দেশটির জিডিপি বেড়েছে দশমিক ২ শতাংশ।