বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস পিএলসি ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের উন্নয়ন ও পরিচালার জন্য রেলপথ মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ কনটেইনার কোম্পানি লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি গত বছরের ১৮ ডিসেম্বর এ প্রকল্পের কাজ পেয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, প্রকল্পটি নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর (ডিবিএফওএমটি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা এবং চুক্তির আওতায় শাশা ডেনিমস ৩০ বছরের জন্য প্রকল্পটি পরিচালনা করবে।
শাশা ডেনিমস এ প্রকল্পের জন্য ‘ঘোড়াশাল আইসিডি অ্যান্ড পোর্ট লিমিটেড’ গঠন করেছে, যেখানে কোম্পানিটি ৯০ শতাংশ শেয়ারধারী। ভবিষ্যতে কৌশলগত বিনিয়োগকারীদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রকল্পের প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা বাড়নো হতে পারে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শাশা ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ২৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাশা ডেনিমসের ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সায়।
শাশা ডেনিমসের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩১৯ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯১০। এর ৪৪ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।










