জার্মানির বার্লিনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী দশম এশিয়া অ্যাপারেল এক্সপো শেষ হয়েছে গতকাল। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ এক্সপোতে অংশ নিয়ে পোশাক পণ্য প্রদর্শন করেছে বাংলাদেশী ২০টি কোম্পানি। এক্সপোটি লাভজনক ব্যবসার সুযোগ তৈরি করেছে বলে জানায় অংশ নেয়া কোম্পানিগুলো।
কমএশিয়া লিমিটেড আয়োজিত এ এক্সপোতে এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, তুরস্ক ও তাইওয়ান অংশ নেয়। এতে ১৭টি বাংলাদেশী কোম্পানি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে এবং তিনটি বাংলাদেশী কোম্পানি নিজ উদ্যোগে অংশ নেয়। সব মিলিয়ে এশিয়ার ৪৫০টিরও বেশি কোম্পানি এতে পণ্য প্রদর্শন করে।
এ কোম্পানিগুলো পুরুষ, মহিলা ও বাচ্চাদের পোশাক, ডেনিম, নিটওয়্যার থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে, যা বৈশ্বিক পোশাকের বাজারে বাংলাদেশের দক্ষতাকে প্রতিফলিত করে।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এক্সপোতে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের প্রদর্শকদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের স্টল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের রফতানিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
বাংলাদেশের অংশগ্রহণের তাৎপর্য তুলে ধরে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম মেলার সুবিধার্থে ও সমন্বয় সাধনে ইপিবির কৌশলগত ভূমিকার ওপর জোর দেন। —বিজ্ঞপ্তি










