সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৭৭ কোটি টাকার ভুট্টা আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ২ হাজার ২০৫ টন। বাড়তি দামের কারণে পশুখাদ্য উৎপাদনকারী কারখানাগুলোয় শস্যটির চাহিদা কম। এ কারণেই আমদানিতে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছে ২২ হাজার ৮৩৯ টন। যার মূল্য ৭৭ কোটি ৩ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের একই সময় আমদানি হয় ২৫ হাজার ৪৪ টন। যার মূল্য ৭০ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে আমদানি কমেছে ২ হাজার ২০৫ টন।

গত অর্থবছরের এ সময় পাইকারি বাজারে প্রতি কেজি ভুট্টার দাম ছিল ২৩-২৪ টাকা। বর্তমানে দাম বেড়ে ৪০ টাকায় উন্নীত হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, একদিকে দেশের বাজারে পণ্যটির দাম বেশি, অন্যদিকে ভারতে সরবরাহ কম। এ দুই কারণে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার ওপর এলসি-সংক্রান্ত জটিলতা তো রয়েছেই।

ভুট্টা আমদানিকারক প্রতিষ্ঠান ভোমরা স্থলবন্দরের মেসার্স এমডি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম জানান, ভারতে দাম বেড়ে যাওয়া ও সরবরাহ কমায় তার প্রতিষ্ঠানে ভুট্টা আমদানি কমেছে। গত বছরের এ সময় সপ্তাহে অন্তত ৫০-৬০ ট্রাক ভুট্টা আমদানি করেছেন। এখন সপ্তাহে ২৫-৩০ ট্রাক আমদানি হচ্ছে।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বণিক বার্তাকে জানান, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ভুট্টা আমদানি কিছুটা কমেছে। কৃষিপণ্য হিসেবে ভুট্টা শুল্কমুক্ত। এতে সরকারের কোনো রাজস্ব আয় হয় না। ফলে আমদানি কমলেও তা রাজস্বে প্রভাব ফেলেনি।