ডালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ চীনে চাহিদা প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় ধাতুটির দামে এমন প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ইস্পাত উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ আকরিক লোহা। চলতি বছরের মার্চের মাঝামাঝি ধাতুটির দাম টনপ্রতি ১৩০ ডলারে উঠেছিল, যা রেকর্ড সর্বোচ্চ। এরপর থেকে এখন পর্যন্ত গড় দাম প্রায় ২০ শতাংশ কমেছে। যদিও এ সময় বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল ধাতুটির দাম ও চাহিদা দুটোই বাড়বে।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে গতকাল জুনে সরবরাহের জন্য আকরিক লোহার বাজার আদর্শ দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১০০ ডলার ৩০ সেন্টে। কার্যদিবসের শুরুতে এটির বাজারদর ৯৯ ডলার ৮০ সেন্টে নেমে গিয়েছিল, যা ১৫ মের পর সর্বনিম্ন।

অন্যদিকে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য আকরিক লোহার দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭১২ ইউয়ান বা ১০৩ ডলার শূন্য ১ সেন্টে। কার্যদিবসের শুরুতে এটির দাম ৭০৯ দশমিক ৫০ ইউয়ানে নেমে যায়, যা ১৫ মের পর সর্বনিম্ন।