পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম আশরাফুল আলম ও বারাকা পাওয়ার লিমিটেডের করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

ওয়ালটন: কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আশরাফুল আলম তার কাছে বিদ্যমান ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ১১১ শেয়ারের মধ্যে দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি।  

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৪০ পয়সায় (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়ন ছাড়া যা ২৪৮ টাকা ৮৮ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা রয়েছে। 

বারাকা পাওয়ার: বিদ্যুৎ খাতের কোম্পানিটির করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে থাকা ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২ শেয়ারের মধ্যে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা করেছে। ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।