বাংলাদেশের মূল্যস্ফীতি কমানো এবং আর্থিক খাতের ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ রাখতে নীতি সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বনানীতে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের অঙ্গীকারবিষয়ক অনুষ্ঠানে তারা এ কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। অ্যামচেমের সাবেক সভাপতি, সদস্য, অর্থনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবীসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। সঞ্চালনা করেন সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর তার বক্তব্যে বলেন, ‘স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধকতার মধ্যেও গত দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য সর্বজনীন ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধি হয়েছে। উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য দূরীকরণ এবং নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি সর্বজনীন হয়েছে। তবে সামাজিক মানদণ্ড, শিক্ষায় মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়া রোধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে আরো অনেক কিছু করার আছে।’ বেসরকারি খাতের সফলতার মাধ্যমেই দেশের অর্থনৈতিক এ প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে বলে জানান তিনি।

এছাড়া তিনি দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির তিন সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে রফতানির ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিনিয়োগ সহায়ক শক্তিশালী অর্থনৈতিক খাত না হওয়া ও নগরায়ন সুবিধাপ্রাপ্তিতে ধীরগতি। এসব সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মূল্যস্ফীতি মোকাবেলা, সামষ্টিক অর্থনৈতিতে স্থিতিশীলতা অর্জন, বহিরাগত সেক্টরের ওপর চাপ কমানো এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত এবং সাহসী অর্থনৈতিক পদক্ষেপ নেয়া প্রয়োজন। দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৈচিত্রের ক্ষেত্রে সরাসরি বিদেশী বিনিয়োগের সীমাবদ্ধতা রয়েছে। এই সংকট মোকাবেলায় রফতানি সম্প্রসারণ এবং বাণিজ্য বৃদ্ধির তাৎপর্য তুলে ধরেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।

অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘গত দুই দশকে বাংলাদেশ যে প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে তা স্বীকৃত। এ প্রবৃদ্ধি এগিয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তৈরি পোশাক (আরএমজি) রফতানিতে শক্তিশালী অবস্থান, রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে। বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ ২০২৩ অর্থবছরে প্রায় ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, ব্যালান্স অব পেমেন্টস ঘাটতি, এবং রাজস্ব ঘাটতির মতো প্রতিবন্ধকতা রয়েছে। তবে এসব সমস্যা বাংলাদেশের জন্য ভিন্ন কিছু না। অনেক উন্নয়নশীল দেশেই একই রকম প্রতিবন্ধকতা রয়েছে, যা রাশিয়া-ইউক্রেনের মতো বৈশ্বিক সংঘাতের কারণে আরো ত্বরান্বিত হচ্ছে।

এসব সমস্যা মোকাবেলা এবং ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে পৌঁছতে অ্যামচেমের সভাপতি কার্যকর আর্থিক খাতের নীতিনির্ধারণ, সুশাসনের উন্নতি, কর্মসংস্থান তৈরি, মানবসম্পদের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেয়ার আহ্বান জানান।