কয়েক দিনের চাঙ্গা ভাবের পর আন্তর্জাতিক বাজারে গতকাল ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ ধারাবাহিকতায় প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ৪৩ ডলারের নিচে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুডের দাম কমলেও তা ব্যারেলপ্রতি ৪৫ ডলারের ওপরে রয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় ব্যারেলে ১২ সেন্ট কমেছে। দিন শেষে জ্বালানি পণ্যটির দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৪২ ডলার ৭৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৮ শতাংশ কম।

একই চিত্র দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দামেও। সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম আগের দিনের তুলনায় ব্যারেলে ৩ সেন্ট কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৪৫ ডলার ৩৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৭ শতাংশ কম।