ইয়ামাল-ইউরোপ পাইপলাইন ব্যবহার করে ইউরোপে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। সম্প্রতি বার্তা সংস্থা তাসকে এমনটা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
তিনি বলেন, ‘ইউরোপের বাজার রাশিয়ার জন্য এখনো প্রাসঙ্গিক। কারণ অঞ্চলটিতে গ্যাস সংকট অব্যাহত আছে। আর সরবরাহ পুনরায় চালু করার সব ধরনের সুযোগ আমাদের আছে। এক্ষেত্রে ইয়ামাল-ইউরোপ পাইপলাইন দিয়ে পুনরায় সরবরাহ শুরু করা যেতে পারে। রাজনৈতিক কারণে এ পাইপলাইন দিয়ে সরবরাহ বন্ধ।’
এছাড়া তুরস্কের মাধ্যমে অতিরিক্ত আরো প্রাকৃতিক গ্যাস সরবরাহের ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান নোভাক। তিনি বলেন, এ লক্ষ্যে তুরস্কে একটি হাব তৈরি করা হতে পারে।
নোভাক বলেন, চলতি বছর মস্কো সব মিলিয়ে ২ হাজার ১০০ কোটি ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ইউরোপের বাজারে রফতানি করতে সক্ষম। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত রফতানি করা হয়েছে ১ হাজার ৯৪০ কোটি ঘনফুট।










