নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও কলম্বিয়ার কয়লা রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়ে ৫ কোটি টন ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বছরের প্রথম সাত মাসে কলম্বিয়া থেকে কয়লা রফতানি ২৯ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠেছে। কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত পরিসংখ্যান সংস্থা ডিএএসইর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর হেলেনিকশিপিংনিউজডটকম।
কলম্বিয়া বিশ্বের পঞ্চম শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ৪ দশমিক ৪ শতাংশ দেশটি এককভাবে জোগান দেয়। ডিএএসইর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে কলম্বিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ১৩ লাখ টন কয়লা রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ। গত ২৯ বছরের মধ্যে জানুয়ারি-জুলাই সময়ে দেশটি থেকে কয়লার সম্মিলিত রফতানির এটাই দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ। এর আগে ২০১৮ সালের প্রথম সাত মাসে কলম্বিয়া থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৫ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টন কয়লা রফতানি হয়েছিল। কোনো বছরের জানুয়ারি-জুলাই সময়ে এটাই দেশটি থেকে জ্বালানি পণ্যটির সবচেয়ে বেশি রফতানির রেকর্ড।
চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে কয়লা রফতানি করে কলম্বিয়ার রফতানিকারকরা সব মিলিয়ে ২৯৭ কোটি ডলার আয় করেছে। আগের বছরের একই সময়ে জ্বালানি পণ্যটির রফতানি বাবদ তাদের এ আয়ের পরিমাণ ছিল ৩৬৯ কোটি ডলার। করোনা মহামারীর সময় আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামের জের ধরে গত জানুয়ারি-জুলাই সময়ে কলম্বিয়ার কয়লা রফতানির পরিমাণ বাড়লেও এ বাবদ দেশটির আয় আগের তুলনায় কমে এসেছে।
ডিএএসইর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে কলম্বিয়ায় ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি টন কয়লার গড় দাম ছিল ৫৭ ডলার ৮৭ সেন্ট। আগের বছরের একই সময়ে দেশটিতে জ্বালানি পণ্যটির গড় দাম ছিল টনপ্রতি ৮২ ডলার ৬৩ সেন্ট। ১৩ বছরের মধ্যে গত জানুয়ারি-জুলাই সময়ে কলম্বিয়ায় কয়লার গড় দাম দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এর আগে ২০১৬ সালের প্রথম সাত মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির গড় দাম টনপ্রতি ৫১ ডলার ৫৬ সেন্টে নেমেছিল। কলম্বিয়ার ইতিহাসে বছরের প্রথম সাত মাসে এটাই কয়লার সর্বনিম্ন গড় দামের রেকর্ড।










