খুচরা বিক্রি প্রতিষ্ঠান পেপকোর আয় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। কারণ হিসেবে ইউরোপে স্টোরের সংখ্যা বৃদ্ধির কথা বলেছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। 

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পেপকো ইউরোপে ৩৪৩টি নতুন স্টোর খোলে। এর মধ্য দিয়ে বছর শেষে মোট ৬৬৮টি নতুন স্টোর খুলেছে প্রতিষ্ঠানটি, যা লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বছরের শুরুতে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা নিয়েছিল ৫৫০টি নতুন স্টোর খোলার। 

পেপকো গ্রুপের অধীনে রয়েছে পেপকো, পাউন্ডল্যান্ড ও ডিলজ ব্র্যান্ড। আয়ের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার দর ১২ শতাংশ বেড়ে গেছে। গ্রুপের নির্বাহী প্রধান অ্যান্ডি বন্ড বলেন, ‘‌গত বছরের কার্যক্রম নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে। তার পরও আমরা রেকর্ডসংখ্যক নতুন স্টোর খুলেছি। প্রত্যাশার তুলনায় বেশি আয় যুক্ত হয়েছে তহবিলে।’ 

এর মধ্য দিয়ে সারা বছরে গ্রুপটির আয় ১৭ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৬৫ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। সেখানে পেপকো ব্র্যান্ডের আয় বেড়েছে ২৪ দশমিক ৮ শতাংশ ও পাউন্ডল্যান্ড ব্র্যান্ডের আয় বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। 

পেপকো গ্রুপ ইউরোপের ১৯টি অঞ্চলে চার হাজারের বেশি স্টোর পরিচালনা করে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও বিস্তৃত রয়েছে কার্যক্রম। তাছাড়া দক্ষিণ ও পূর্ব এশিয়ায়ও কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।