পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশের নিম্ন-আয়ের মানুষের উন্নয়নে নতুন পাঁচ বছর মেয়াদি কৌশল পরিকল্পনা (২০২৫-২০৩০) নিয়েছে। আজ রোববার (২৯ জুন) রাজধানীর পিকেএসএফ ভবনে পরিচালনা পর্ষদের সভায় এ পরিকল্পনা অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়েছে, টেকসইভাবে দারিদ্র্য দূর করা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরে ১১ হাজার কোটি টাকার ঋণ দেয়া হবে। এ সময় প্রস্তাবটি সাধারণ পর্ষদে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
সভায় আরো জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ৯ হাজার ৩৪০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। নতুন বাজেটে আরো বেশি মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরে বিকালে সাধারণ পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ হাজার ৩৩৭ কোটি টাকার সংশোধিত বাজেট ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২ হাজার ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মো. তৌফিকুল ইসলাম ও লীলা রশিদ। এছাড়া সাধারণ পর্ষদের সভায় অন্য সব পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।












