আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় একমাত্র চাকরি করেন বীমা খাতে। যেখান থেকে তিনি দেশব্যাপী ছয় দফা দাবিনামা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। সে জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ২০২১ সালে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বল্প প্রিমিয়ামের ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ পলিসিটি সর্বপ্রথম ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বীমার আওতায় সুরক্ষিত করতে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। যা শিক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ অবদান হিসেবে নতুন মাইলফলক সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি
লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ও আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেল, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ অনেকে। বিজ্ঞপ্তি










