দক্ষিণ কোরিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ির জন্য এক হাজারটি নতুন চার্জার স্থাপন করবে বলে জানিয়েছে বিএমডব্লিউ কোরিয়া। এর মাধ্যমে দেশটিতে প্রতিষ্ঠানটির ইভি চার্জারের সংখ্যা দ্বিগুণ হবে। খবর কোরিয়া হেরাল্ড।

বিএমডব্লিউ দেশব্যাপী ৯২০টি চার্জিং পয়েন্ট পরিচালনা করছে। চলতি বছরের শেষ নাগাদ মোট ১ হাজার ১০০টিতে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে নতুন এক হাজার চার্জার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিএমডব্লিউ কোরিয়ার সারা দেশে মোট ২ হাজার ১০০টি চার্জার থাকবে। তবে প্রতিষ্ঠানটি অতিরিক্ত চার্জিং পয়েন্টে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা প্রকাশ করেনি। 

চার্জিং অবকাঠামোর সম্প্রসারণ করা হবে এলজি ইলেকট্রনিকস ও জিএস এনার্জির সহযোগিতায়। বিএমডব্লিউ কোরিয়া জানিয়েছে, স্টেশনগুলোর অবস্থানের ওপর নির্ভর করে চার্জারগুলোয় এলজি ইলেকট্রনিকসের ৩৫০ কিলোওয়াট ও ২০০ কিলোওয়াটের দ্রুত চার্জার যুক্ত করা হবে।

‘চার্জিং নেক্সট’ প্রকল্পের অধীনে বিএমডব্লিউ কোরিয়া শুধু বিএমডব্লিউর ইভি নয়, সব ইভির সঙ্গে নতুন চার্জারগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা করছে। পরবর্তী সময়ে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে স্টেশন নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। 

তখন স্টেশনগুলো তৈরি করা হবে হাইওয়ের কাছে। ইএসজি চার্জিং স্টেশন নিয়েও কাজ করতে চায় বিএমডব্লিও, যা ব্যবহৃত টেকসই জ্বালানির নিশ্চয়তা দেবে।